রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পরদিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। এসময় রোহিঙ্গাদের দীর্ঘদিনের দুর্ভোগ, নিরাপত্তাহীনতা, মানবিক সংকট ও নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা শোনেন তিনি।

আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী। সেখানে মিয়ানমারের সংখ্যালঘু এ মুসলিম জনগোষ্ঠীর সদস্যদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

ক্যাম্প পরিদর্শন শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায় বাস্তবায়নে জাতিসংঘের সব অঙ্গকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আদালতের এ রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক। এতে কী করতে হবে, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এখন সংশ্লিষ্ট সব পক্ষকে রায় বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, এটি শুধু রোহিঙ্গাদের সমস্যা কিংবা বাংলাদেশের একার সমস্যা নয়, এটি সমগ্র বিশ্বের সমস্যা। এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে।

রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা অবশ্যই তাদের নিজ দেশে ফিরে যাবেন। তাদের প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিকভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

আগামীতে ভালো খবর নিয়ে রোহিঙ্গা ক্যাম্পেে আসার প্রতিশ্রুতি দিয়েছেন ড. খলিলুর রহমান। মতবিনিময় সভায় রোহিঙ্গারা তাদের ওপর চলা দীর্ঘদিনের নির্যাতন-নিপীড়ন, বাস্তুচ্যুতি, নিরাপত্তাহীনতা এবং নাগরিক অধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন তিনি।

তাদের প্রত্যাশা, আইসিজের ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে গণহত্যার বিচার নিশ্চিত হওয়ার পাশাপাশি মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ সুগম হবে বরে প্রত্যাশা করেন পররাষ্ট্রমন্ত্রী।