সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি।

ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, সাঈদ খোকনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও অর্থপাচারসহ ৩০টির বেশি মামলা রয়েছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি দল সাঈদ খোকনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর সকালেই তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে আজই তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর ওই বছরের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন। এছাড়া তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকি এবং অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা ও সম্পদ জব্দের আদেশ রয়েছে।