লন্ডনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও এনসিপির তুমুল সংঘর্ষ, হাসপাতালে ভর্তি ৪

যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) রাতে এ সংঘর্ষে কমপক্ষে চারজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে লন্ডন পুলিশ দফায় দফায় লাঠিচার্জ করে। এ ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্য ও বিশিষ্টজনরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, লন্ডনের মতো সভ্য সমাজে দেশের রাজনৈতিক বিরোধ টেনে এনে এমন বিশৃঙ্খলা পুরো ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জন্য চরম লজ্জাজনক।

জানা গেছে, ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামের এক সপ্তাহের যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে মধ্য লন্ডনের মে ফেয়ার হলে এই সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠান চলাকালে মে ফেয়ার হলের বাইরে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে বাইরে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকেরা ডিম ও পানির বোতল নিক্ষেপ করেন এবং হলের বাইরের অংশে অতিথিদের ওপর চড়াও হন।

অনুষ্ঠান শেষ হওয়ার পর মে ফেয়ার হলের পেছনের সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও প্রায় ২০ মিনিট ধরে হাতাহাতি ও সংঘর্ষ চলে। বিশৃঙ্খলা থামাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে লন্ডন পুলিশ দফায় দফায় লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

মে ফেয়ার হলের পেছনের এই সংঘর্ষের ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বাসিন্দা, নাগরিক সমাজের প্রতিনিধি ও উপস্থিত অতিথিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

প্রবাসীদের ভাষ্যমতে, লন্ডনের মতো সভ্য সমাজে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ আমদানি করে কেবল বিরোধিতার জন্য বিরোধিতা এবং ডিম-বোতল ছুড়ে মারার মতো সংস্কৃতি বাংলাদেশের জন্য অসম্মানজনক ও চরম লজ্জাজনক।