গোপালগঞ্জে সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত আছে: ঢাকা রেঞ্জ ডিআইজি

গোপালগঞ্জে সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত আছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জ উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিং কালে তিনি এ কথা জানান।

মোস্তাফিজুর রহমান বলেন, আজ সকাল থেকে আমাদের পুলিশ, এপিবিএন, আরআরএফ ও বিজিবি মোতায়েন আছে। আমরা সম্মিলিতভাবে জনশৃঙ্খলা রক্ষায় এবং সরকারি সম্পত্তি ও মানুষের নিরাপত্তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের পুলিশের পক্ষ থেকে প্রায় দুই হাজার ফোর্স-অফিসার মোতায়েন আছে। আমাদের সিনিয়র অফিসার অতিরিক্ত ডিআইজি, এসপি, অতিরিক্ত পুলিশ সুপার অর্থাৎ মিড লেভেলের অনেক কর্মকর্তা এখানে কাজ করছে।

তিনি বলেন, আমাদের জননিরাপত্তা যেটা সেটা পরিপূর্ণভাবে আছে। আমাদের ৬৭ কিলো হাইওয়ে যেটা আছে সেখানে ক্রস পেট্রোলসহ নিরাপত্তা জোরদার আছে। আমাদের গোপালগঞ্জ পৌরসভা এবং যে ৪টি উপজেলা রয়েছে সেখানেও আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। সামগ্রিকভাবে পুলিশের পক্ষ থেকে সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, গতকালের ঘটনায় আমাদের মামলার কার্যক্রম চলমান আছে এবং গতকাল থেকে আমাদের অনেক গ্রেপ্তার আছে। যারা গ্রেপ্তার আছে তারা সবাই এ ঘটনার সাথে জড়িত। আমরা নিরপরাধ কাউকে গ্রেপ্তার করব না। বর্তমানে আমরা চাচ্ছি জনজীবন স্বাভাবিক করতে ও জননিরাপত্তার জন্য যা যা করা দরকার পুলিশ তা করবে।

আগামী ১৯ নভেম্বর সারাদেশে লকডাউন কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, যেকোনো কর্মসূচি কেন্দ্র করে পুলিশ সেই অনুপাতে নিরাপত্তার ব্যবস্থা করবে। বাংলাদেশ পুলিশ জনগণের নিরাপত্তার জন্য কাজ করে যাবে। কাজেই আমরা ওইদিনের থ্রেট পর্যালোচনা করে পর্যাপ্ত অফিসার ফোর্স মোতায়েন করব এবং বিজিবিও কাজ করবে। আইন বহির্ভূত যেকোনো বিষয়েই পুলিশ তার আইনি প্রক্রিয়া অব্যাহত রাখবে।

এদিকে রোববার দিনরাত সহিংসতা ও নাশকতার ঘটনার পর গোপালগঞ্জে ফিরতে শুরু করেছে স্বাভাবিক পরিবেশ। আজ সকাল থেকে জেলার জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও সাধারণ মানুষের মধ্যে এখনো বিরাজ করছে আতঙ্ক। সোমবার জেলার কোথাও কোন ধরনের অঘটনের খবর পাওয়া যায়নি।

বিজিবির জনসংযোগ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জে বডি ওর্ন ক্যামেরাসহ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে। বিজিবির পাশাপাশি বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন দেখা গেছে। এছাড়া এসআরবি সদস্যদেরও শহরের টহল দিতে দেখা গেছে।

সোমবার ভোর থেকেই প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে শুরু করেন সাধারণ মানুষ। শহরের সড়কগুলোতে চলাচল করছে রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় শিক্ষার্থীরাও বের হয়েছে নিজ নিজ গন্তব্যে। খুলেছে শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। সব মিলিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে গোপালগঞ্জের জনজীবন।

এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও নাশকতা এড়াতে জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সড়কে টহল দিচ্ছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।

এর আগে, রোববার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে। উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।