পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বোর্ড সচিব রাইসা আফরোজ এক নোটিসে এ সিদ্ধান্তের কথা জানান।

এতে বলা হয়, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠেয় মজুরি বোর্ডের তৃতীয় সভা ‘অনিবার্যকারণবশত আদিষ্ট’ হয়ে স্থগিত করা হলো। শিগগিরই সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।

এদিন বেলা ১১টায় রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যেখানে গার্মেন্টস শিল্পখাতে কর্মরত সব শ্রেণির শ্রমিক-কর্মচারীদের নতুন মজুরি নির্ধারণে গার্মেন্টস মালিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে নিম্নতম মজুরি বোর্ডে লিখিত প্রস্তাব দেওয়া কথা ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে।

এর আগে, গত ৯ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক-কর্মচারীদের নতুন মজুরি নির্ধারণে লিখিত প্রস্তাব জমা দেয় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। যেখানে শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল শ্রমিকপক্ষের প্রতিনিধিরা।

গার্মেন্টস শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন ন্যূনতম মজুরির সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এই মজুরি বোর্ড কাজ করছে।