নিজে নিজেই জায়গা বদলাত ম্যানিকুইন! ভৌতিক অভিজ্ঞতার কথা জানালেন শ্রুতি

মুম্বাইয়ের বাড়িতে এক অদ্ভুত ও অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী শ্রুতি হাসান। তাঁর বাড়িতে রাখা মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন নাকি নিজে থেকেই জায়গা বদলাত! বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়ে শেষ পর্যন্ত সেটি খুলে ফেলে দিতে বাধ্য হন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন কমল হাসানের মেয়ে।

শ্রুতির বাড়িতে থাকা ম্যানিকুইনটির নাম ছিল ‘ফিওনা’।

বাড়তি পোশাক রাখার জায়গা না থাকায় সেটির গায়ে একটি পোশাক পরিয়ে রেখেছিলেন তিনি। এমনকি বন্ধুরা বাড়িতে এলে মজা করে ম্যানিকুইনটির সঙ্গে কথাও বলতেন।

তবে কিছুদিন পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে বলে দাবি করেন অভিনেত্রী। তাঁর ভাষ্য, ম্যানিকুইনটি মাঝেমধ্যে নিজে থেকেই জায়গা পরিবর্তন করত।

বিষয়টি ধীরে ধীরে তাঁর কাছে অস্বস্তিকর হয়ে ওঠে।

সেই অভিজ্ঞতা থেকে ২০০৭ সালের হলিউড সিনেমা ‘আই অ্যাম লেজেন্ড’-এর কথাও মনে পড়ে যায় শ্রুতির। শেষ পর্যন্ত আর ঝুঁকি নিতে চাননি তিনি। ম্যানিকুইনটি খুলে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ওটাকে খুলে ফেলে দিই। একেবারে ফেলেই দিই। ’

ম্যানিকুইনটি সরিয়ে ফেলার পরও বাড়ির পরিবেশ স্বাভাবিক করতে কিছু ধর্মীয় আচার পালন করেন শ্রুতি। তিনি জানান, বাড়ির পরিবেশ শান্ত রাখতে হনুমান চালিসা শুনতেন। পাশাপাশি হাতে নুন নিয়ে কিছু আচারও পালন করেছিলেন।

এমনকি পুরো বাড়িটি কার্যত বন্ধ করে দিয়েছিলেন। তাঁর দাবি, এরপর থেকেই বাড়ির পরিবেশ শান্ত রয়েছে।

সাক্ষাৎকারে নিজের আধ্যাত্মিক অনুভূতি নিয়েও কথা বলেন শ্রুতি। তাঁর কথায়, কিছু জায়গার অস্বাভাবিক শক্তি বা পরিবেশ তিনি অনুভব করতে পারেন। চেন্নাইয়ের বাড়ির পরিবেশ স্বাভাবিক থাকলেও মুম্বইয়ের বাড়িতে মাঝেমধ্যে অস্বাভাবিক কিছু অনুভব করতেন তিনি।

নিজের ধর্মবিশ্বাস নিয়েও খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। তাঁর দাবি, পরিবারের সদস্যদের মধ্যে তিনিই একমাত্র ধর্মবিশ্বাসী। ছোটবেলায় এমন পরিবেশে বড় হয়েছেন, যেখানে ধর্মীয় আচার-অনুষ্ঠান কিংবা ঈশ্বরের উপাসনার বিশেষ প্রচলন ছিল না। বাবা কমল হাসানসহ পরিবারের অন্য সদস্যদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে তাঁর নিজের বিশ্বাসের পার্থক্য রয়েছে বলেও জানান তিনি।

সম্প্রতি ‘পেদ্দি’ সিনেমায় বিশেষ উপস্থিতিতে দেখা গেছে শ্রুতি হাসানকে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস