ব্যাংক খাতে ভয়াবহ সংকট, তিন ভাগের এক ভাগ ঋণই খেলাপি

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৮ শতাংশে। অর্থাৎ মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা প্রায় নেই।

খেলাপি ঋণ থেকে সৃষ্ট ক্ষতি সামাল দিতে প্রয়োজনীয় মূলধনও নেই ব্যাংকগুলোর। ২০২৫ সালের শেষে ব্যাংক খাতের মূলধন সংরক্ষণ অনুপাত ছিল ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশ। প্রয়োজনীয় প্রভিশনের তুলনায় ঘাটতি প্রায় ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকা। এ ছাড়া ৮৪৫টি মামলায় আদালতের স্থগিতাদেশের কারণে আটকে রয়েছে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকা।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর শ্যামলীতে নলেজ হাব ইনস্টিটিউটের ‘ব্যাংকিং খাত মূল্যায়ন ও নীতি পর্যালোচনা: জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনটি উপস্থাপন করেন রিসার্চ অ্যাসোসিয়েট নূর ইয়ানা জান্নাত। উপস্থিত ছিলেন নলেজ হাবের প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা।

অনুষ্ঠানে নলেজ হাবের কম্পোনেন্ট লিড শাহ মো. আহসান হাবিব বলেন, মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশের টাকা ফেরত পাওয়া যাচ্ছে না। এর সঙ্গে বড় সমস্যা হলো ব্যাংক খাতের সামগ্রিক মূলধন ঋণাত্মক। খেলাপি ঋণের বড় অংশই সন্দেহজনক ও মন্দ ঋণের পর্যায়ে, বিশেষ করে মন্দ ঋণের টাকা ফেরতের সম্ভাবনা প্রায় নেই।

তিনি বলেন, এই ৩৩ শতাংশ খেলাপির মধ্যে ১০ শতাংশেরও কম প্রকৃত ঋণঝুঁকির মধ্যে পড়ে। বাকি বড় অংশের সঙ্গে পরিচালনগত ঝুঁকি, অপারেশনাল অনিয়ম ও অপরাধ জড়িত। এসব মোকাবিলা ব্যাংকের একার পক্ষে সম্ভব নয়, সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, খেলাপি ঋণের বড় অংশ ইচ্ছাকৃত ঋণখেলাপির ফল। এর দায় বহন করছেন সাধারণ আমানতকারী, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, ভালো ব্যবসায়ী ও ভালো ব্যাংকগুলো। ভালো ব্যবসায়ীদের বেশি সুদে ঋণ নিতে হচ্ছে। সার্বিকভাবে পুরো অর্থনীতিই এর দায়ভার নিচ্ছে, কারণ অর্থনীতি ব্যাংকনির্ভর।

ব্যাংকভেদে খেলাপি ঋণে বড় পার্থক্য রয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ৪৩ দশমিক ২ শতাংশ, বেসরকারি ব্যাংকে ৩১ দশমিক ৬ শতাংশ, বিদেশি ব্যাংকে ৬ দশমিক ৫ শতাংশ এবং পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে সর্বোচ্চ ৫৮ দশমিক ৯ শতাংশ। এসব ব্যাংকে আমানত কমেছে ১ দশমিক ৭ শতাংশ, ঋণ-আমানত অনুপাত ১২৭ দশমিক ৭ শতাংশ।

আমানত বাড়লেও বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমছে। আগস্টে আমানত প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৯৬ শতাংশ, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ। সেপ্টেম্বরে তা আরও কমে ৪ দশমিক ০৯ শতাংশে নেমেছে। সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ, নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত। ৩০ সেপ্টেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলার। জুলাই-সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবৃদ্ধি ১৩ দশমিক ২৮ শতাংশ। আগস্টে ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য ছিল ৪ লাখ ৪১ হাজার ৯৫৪ কোটি টাকা, তবে দুর্বল ব্যাংকের সংকট এতে আড়াল হয়ে যেতে পারে।

আর্থিক অন্তর্ভুক্তিতেও ঘাটতি রয়েছে। মার্চে এসএমই ঋণের অংশ ছিল ১৫ দশমিক ৮৭ শতাংশ, লক্ষ্যমাত্রা ২৫ দশমিক ৫০ শতাংশ। নারী উদ্যোক্তাদের ঋণের অংশ ৭ দশমিক ২৮ শতাংশ, লক্ষ্য ১৫ শতাংশ। গ্রামীণ আমানতের অংশ ১৬ দশমিক ২৫ শতাংশ হলেও ঋণের অংশ মাত্র ৭ দশমিক ৪২ শতাংশ। আগস্টে কৃষি ও গ্রামীণ ঋণের ৩৪ দশমিক ৪৮ শতাংশ বকেয়া ছিল।

সংকট মোকাবিলায় প্রতিবেদনে ডিসেম্বরের মধ্যে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোতে স্বাধীন ঋণ পর্যালোচনা এবং ২০২৭ সালের মার্চের মধ্যে ব্যাংকভিত্তিক মূলধন পুনরুদ্ধার অথবা রেজল্যুশনের সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করা হয়েছে। ব্যাংকগুলোর নগদ আদায়, মূলধন ও গ্রাহকসেবার তথ্য নিয়মিত প্রকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রতিবেদনে ব্যাংক রেজোলিউশন আইন ২০২৬, আমানত সুরক্ষা আইন ২০২৬ এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য ঘোষিত ৩৫ হাজার কোটি টাকার মূলধন কাঠামোর বিষয়টিও তুলে ধরা হয়। তবে সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।