‘ইয়েস, ডিয়ার’ খ্যাত তারকার মৃত্যু

নিউমোনিয়া জনিত জটিলতায় কমেডিয়ান ও ‘ইয়েস, ডিয়ার’ খ্যাত অভিনেতা অ্যান্থনি ক্লার্ক মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকাল তার বয়স হয়েছিল ৬২ বছর।  ‘ইয়েস, ডিয়ার’-এ তার সহ-অভিনেতা ও বন্ধু মাইক ও’ম্যালি ইনস্টাগ্রামে জানিয়েছেন, মঙ্গলবার ক্লার্ক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মাইক ও’ম্যালি পোস্টে লেখেন, তিন সপ্তাহ আগে আমাদের ফোনে কথা হয়েছিল। বরাবরের মতোই তিনি আমাদের খুব হাসিয়েছিলেন। তিনি তার উপার্জিত অর্থ ভালোভাবে বিনিয়োগ করেছিলেন এবং আমাদের শো শেষ হওয়ার পরই মূলত অবসর নিয়ে নিয়েছিলেন। শান্তিতে ঘুমান টনি।

১৯৬৪ সালের ৪ এপ্রিল ভার্জিনিয়ার লিঞ্চবার্গে জন্মগ্রহণকারী ক্লার্ক ১৯৮৬ সালে এমারসন কলেজ থেকে গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কমেডির প্রতি তার ঝোঁক ছিল ছোটবেলা থেকেই; এমারসন কলেজে পড়ার সময় তিনি ‘আমেরিকান কলেজিয়েট ট্যালেন্ট শোকেস’ থেকে ‘টপ কলেজ কমেডিয়ান’ পুরস্কার জিতেছিলেন।

২০০৬ সালে ‘দ্য কমিকস কমিক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্ট্যান্ড-আপ কমেডির প্রতি নিজের ভালোবাসার কথা তুলে ধরে তিনি বলেছিলেন, আমি স্ট্যান্ড-আপ কমেডি ভালোবাসি, কারণ এতে দর্শকদের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়। এখানে কোনো পরিচালক থাকেন না।

এই অভিনেতা ও কমেডিয়ানের প্রয়াণে ডেন কুক, নিক সোয়ার্ডসন এবং জে মোরসহ আরও অনেক সহকর্মী ও বন্ধু শোক প্রকাশ করেছেন। সিবিএস-এর সিটকম ‘ইয়েস, ডিয়ার’-এ গ্রেগরি (গ্রেগ ওয়ার্নার) চরিত্রে অভিনয় করে ক্লার্ক খ্যাতি অর্জন করেন। শো-টিতে দুটি দম্পতির গল্প দেখানো হয়েছিল, যারা একই বাড়িতে থাকতেন এবং সন্তান লালন-পালনের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ ভিন্ন।

ভার্জিনিয়ার লিঞ্চবার্গে জন্মগ্রহণকারী অ্যান্থনি ক্লার্ক ছিলেন একাধারে অভিনেতা, কমেডিয়ান ও প্রযোজক। তিনি বোস্টনের এমারসন কলেজে পড়ার সময় স্ট্যান্ড-আপ কমেডির সঙ্গে যুক্ত হন এবং শহরের কমেডি জগতে বেশ সুনাম অর্জন করেন।

১৯৯৫ সালে এইচবিও-এর ‘ইয়াং কমেডিয়ানস স্পেশাল’-এর চতুর্থ সিজনে তিনি উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তার টেলিভিশন কাজের তালিকায় রয়েছে ‘ইয়েস, ডিয়ার’, ‘বোস্টন কমন’, ‘সোল ম্যান’ এবং ‘লাস্ট কমিক স্ট্যান্ডিং’। এছাড়া তিনি ‘ডগফাইট’, ‘দ্য থিং কলড লাভ’ এবং ‘দ্য রক’-এর মতো চলচ্চিত্রেও অভিনয় করেছেন।