ডায়রিয়া, প্রতিদিন দেড় শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে সাতক্ষীরায়

২৫

সাতক্ষীরায় হঠাৎ করে শিশুদের ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। শিশু হাসপাতালে প্রতিদিন দেড় শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে। এছাড়া সদর হাসপাতালেও শিশু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আবহাওয়া পরিবর্তনের এ সময়ে এপ্রিলের শেষ নাগাদ সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা।

সাতক্ষীরা শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আবহাওয়া পরিবর্তনে অসহ্য গরম এবং শিশুদের ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিন সাতক্ষীরা শিশু হাসপাতালে প্রায় দেড় শতাধিক ডায়ারিয়া আক্রান্ত শিশু রোগী চিকিৎসা নিচ্ছেন। গত এক মাসে ৩ হাজার শিশু চিকিৎসা নিয়েছে। আর এই এক মাসে শিশু হাপাতালে ভর্তি হয়েছে দুই শতাধিক শিশু।

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা আলেয়া খাতুন ও তালা উপজেলার সেনেরগাতী গ্রামের আফসার আলী জানান, তাদের শিশু পুত্র ও কন্যা গত কয়েকদিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত হলে প্রথমে সাতক্ষীরা শিশু হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়। দুইদিন পরে আবারও অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

তারা জানান, যে পরিমান শিশু চিকিৎসা নিতে আসছে সেই পরিমান বেড না থাকায় মেঝেতে ফ্লোরিং করে থাকতে হচ্ছে।

সাতক্ষীরা শিশু হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ আবুল বাশার আরমান জানান, প্রতিদিনই শুধুমাত্র শিশু হাসপাতালেই চিকিৎসা নিচ্ছে দেড় শতাধিক শিশু রোগী।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুসাইন শাফায়াত জানান, শিশুদের অবশ্যই বিশুদ্ধ পরিস্কার পানি পান করাতে হবে এবং বয়স্কদের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে।

প্রতিবছরই এই মৌসুমে গরম বাড়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়া রোগী বাড়ে, তাই সবাইকে সতর্ক থাকার কথা জানিয়েছেন তিনি ।

গরমের শুরুতে প্রতিবছর ডায়রিয়া দেখা দিলেও এবার তার তীব্রতা অতীতের চেয়ে বেশি। আগামি দেড় সপ্তাহ পর্যস্ত ডায়রিয়া পরিস্থিতি অবনতির আশঙ্কা চিকিৎসকদের।