ইসরায়েলের নতুন সরকারে নেতানিয়াহুকে রাখতে চান আইজেনকট

ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব পেয়েছেন বিরোধী জোটের নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। তিনি ইঙ্গিত দিয়েছেন, নতুন সরকারে দেশটির বর্তমান বিতর্কিত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার জোটের নেতাদের সঙ্গে নিয়ে কাজ করতে তার কোনো আপত্তি নেই।

রবিবার (৮ নভেম্বর) জেরুজালেমে প্রেসিডেন্ট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আনুষ্ঠানিকভাবে আইজেনকটের হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেন। সংবিধান অনুযায়ী, সরকার গঠনের জন্য তাকে এখন ছয় সপ্তাহের সময় দেওয়া হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর দেওয়া ভাষণে আইজেনকট ইঙ্গিত দেন যে, নেতানিয়াহুর ‘লিকুদ’ পার্টি এবং কট্টরপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচের ‘রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি’ যদি সততার সঙ্গে জাতীয় ঐক্যে বিশ্বাস করে, তাহলে তার নেতৃত্বে গঠিত সরকারে যোগ দিতে তাদের কোনো বাধা থাকা উচিত নয়।

আইজেনকট বলেন, “লিকুদ এবং রিলিজিয়াস জায়নিস্ট পার্টির সদস্যরা যদি সত্যিই বিশ্বাস করেন যে এটি ঐক্যের সময়, তাহলে আমার নেতৃত্বে গঠিত সরকারকে তারা কেন সমর্থন করবেন না, তার কোনো যৌক্তিক কারণ আমার বোধগম্য নয়।” তিনি দেশের সব শ্রেণির নাগরিকের প্রতিনিধিত্ব করা এবং একটি কার্যকর প্রশাসন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের পর বৈশ্বিক রাজনীতি ও মার্কিন নীতিতে যে পরিবর্তন এসেছে, তার বিপরীতে ইসরায়েলের জন্য একটি শক্তিশালী ও স্থিতিশীল সরকার গঠন এখন অত্যন্ত জরুরি। গত ৩ নভেম্বরের ওই মার্কিন নির্বাচনে ইসরায়েল ও সামরিক সহায়তার কট্টর সমালোচক বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব জয়লাভ করায় দেশটি এক নতুন রাজনৈতিক বাস্তবতার মুখে পড়েছে বলে উল্লেখ করেন তিনি।

গত ২৭ অক্টোবরের অনুষ্ঠিত ইসরায়েলি নির্বাচনে আইজেনকটের চার দলীয় জোট ৪৮টি এবং নেতানিয়াহুর ডানপন্থি জোট ৫৩টি আসনে জয়ী হয়। ১২০ সদস্যের পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ৬১টি আসনের প্রয়োজন হলেও কোনো পক্ষই তা অর্জনে সক্ষম হয়নি।

এদিকে, ইসরায়েলের আরব দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয়লাভ করে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আইজেনকটকে সমর্থন জানায়। আরব দলগুলোকে যুক্ত করলে তার পক্ষে ৬৭ আসনের ব্লক তৈরি করা সম্ভব হলেও, আইজেনকট শুরুতেই আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছেন। তবে দুটি অতি-ডানপন্থি ধর্মীয় দল- ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’ এবং ‘শাস’-কে নিজের পক্ষে টানতে পারলে তিনি ঠিক ৬১টি আসনের ম্যাজিক ফিগার নিশ্চিত করতে পারবেন।

বিশ্লেষকদের মতে, নির্ধারিত ছয় সপ্তাহের মধ্যে আইজেনকট সরকার গঠনে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু পুনরায় সুযোগ পেতে পারেন কিংবা দেশটিতে নতুন নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

তথ্যসূত্র: আল-জাজিরা