সড়ক দুর্ঘটনায় নিহত হলে ৫ লাখ, আহত হলে ১ লাখ টাকা দেবে বিআরটিএ

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিআরটিএর ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা পেতে দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে আবেদন করতে হবে।

ফেসবুক পেজে বলা হয়, সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত যে কোনো ব্যক্তি (চালকসহ) বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা পেতে পারেন।

দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে ফরম-৩২-এ চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড বরাবর বা অনলাইনে বিআরটিএ সার্ভিস পোর্টালের (বিএসপি) মাধ্যমে আবেদন করতে হয়।

সহায়তার পরিমাণ মৃত্যুর ক্ষেত্রে অন্যূন ৫ লাখ, অঙ্গহানির ক্ষেত্রে অন্যূন ৩ লাখ, গুরুতর আহত হয়ে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা না থাকলে অন্যূন ৩ লাখ এবং স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকলে অন্যূন ১ লাখ টাকা।

অনুমোদিত সহায়তার অর্থ আবেদনকারীর ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে প্রদান করা হয়। বিধিমালায় অনুযায়ী ৯০ দিন পর আবেদনের সুযোগ নেই।