পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনরত শ্রমিকরা

রাজধানীর মিরপুরে দলছুট এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেছেন আন্দোলনরত পোশাক শ্রমিকদের কয়েকজন। হামলায় আহত কনস্টেবল মো. সাইমন বর্তমানে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মিরপুরের কালশী রোডে এ ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে ওই পুলিশ সদস্যকে এলোপাতাড়ি আঘাত করছেন। এ সময় উপস্থিত কয়েকজনকে হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টাও করতে দেখা যায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিরপুর-১১ এলাকা থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার পর তারা কালশীর দিকে সরে যান। এ সময় পল্লবী থানা থেকে পুলিশ সদস্যরা মিরপুর-১১-এর দিকে যাচ্ছিলেন। পথে দলছুট অবস্থায় এক কনস্টেবলকে পেয়ে তার ওপর হামলা চালানো হয়।

এর আগে, সকাল ১০টার দিকে মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এ ঘটনায় অন্তত চারজনকে আটক করেছে পুলিশ।