২০৩০ সালের মধ্যে বিশ্বের নবম বৃহৎ ভোক্তা অর্থনীতি হবে বাংলাদেশ: জাপানে প্রধানমন্ত্রী তারেক

প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে এ বৈঠক হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা অর্থনীতি এবং ২০৩৪ সালের মধ্যে জিডিপি এক ট্রিলিয়ন ডলার ছাড়াবে। বাংলাদেশকে অর্থনৈতিক ও প্রযুক্তি কেন্দ্রে পরিণত করতে জাপানের সরকারি-বেসরকারি খাতকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার জাপানের সঙ্গে সম্পর্ক জোরদারে অবদান স্মরণ করেন।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এলএনজি অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানিতে জাপানি বিনিয়োগ, এআই, রোবোটিকস ও ইলেকট্রনিকস নিয়ে বাংলাদেশ-জাপান টেক পার্ক এবং মহাকাশ ও স্যাটেলাইট প্রযুক্তিতে সহযোগিতার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। ছয় বিভাগীয় শহরকে যুক্ত করে দ্রুতগতির রেল ও দেশব্যাপী উড়াল সড়ক নির্মাণে জাপানের সহায়তা চান তিনি।

বৈঠকে জ্বালানি, অবকাঠামো ও আইসিটি খাতে ১ ট্রিলিয়ন ইয়েনের বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা হয় এবং দ্রুত জাপানি টিম পাঠানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী বিনিয়োগবান্ধব পরিবেশ, করনীতি ও অর্থ স্থানান্তরে স্বচ্ছতার প্রতিশ্রুতি দেন।

এছাড়া জাতিসংঘ, ইন্দো-প্যাসিফিক ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। মিয়ানমারে সহিংসতা বন্ধ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের ওপর জোর দেন তারেক রহমান। অগ্রাধিকার খাত বাস্তবায়নে মন্ত্রী পর্যায়ের যৌথ কমিশন গঠনের প্রস্তাব দিয়ে তিনি জাপানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।