ভোটের জন্য আওয়ামী লীগের পায়ে ধরেছিল বিএনপি: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়েছে। শেখ হাসিনা নিজেই বলেছেন, হাতেপায়ে ধরে ভোট নিলো, এখন বেইমানি করে। আবার তাদের এক গডফাদার বলেছেন ৯৫ আসনে হেরে যাওয়া বিএনপিকে তারাই জিতিয়েছে। নাটোরের বিএনপি এমপিও বলেছেন তাদের সফলতার পেছনে আওয়ামী লীগ রয়েছে।

রোববার (২৫ অক্টোবর) প্রেস ক্লাবে জুলাই সনদের বর্ষপূর্তির আলোচনায় তিনি বলেন, আওয়ামী লীগের লোকদের দলে ও গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে এখন বলছেন সীমান্তের ওপার থেকে টাকা আসে। সরকারে থাকলে টাকা, অস্ত্র, মাদক ঠেকাতে পারেন না কেন? যে সরকার ঠেকাতে পারে না তার শাসনের অধিকার নেই।

তিনি বলেন, জনগণকে কার্ড দেওয়ার কথা বলে করের বোঝা চাপানো হয়েছে। চাঁদাবাজিতে অতিষ্ঠ মানুষ, পঞ্চগড়ে ৪টি লাউ ১ টাকায় বিক্রি হয়, ঢাকায় ৬০ টাকা। রাড্ডা মেডিকেল সেন্টারে হামলা-লুটের ঘটনায় এমপিকে শুধু পদত্যাগ করানো হয়েছে, আইনের আওতায় আনা হয়নি। নিজেদের লোকের কাছেও চাঁদা চাওয়া হচ্ছে, পাথর মেরে হত্যাও হচ্ছে।

আইনশৃঙ্খলা ও মাদক প্রসঙ্গে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির এলাকা দিয়েই মাদকের বড় চালান আসে বলে তার দলের এমপিই বলেছেন। দিনে ৫০ ট্রাকে ডাকাতি হচ্ছে। ৭০ ভাগ মানুষ হ্যাঁ ভোট দিয়ে সংস্কার চেয়েছে, বস্তাপচা রাজনীতি আর চায় না। আমরা দলীয় দাবি নয়, জনগণের অধিকারের দাবিতে মাঠে নেমেছি।