গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৯ ইউনিট

আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গাজীপুরে। এবার নগরীর কাশিমপুরে একটি পোশাক কারখানার কার্টনের গুদামে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর থানার শৈলান এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টুন ও সুতার গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও চারটি ইউনিট।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানা যায়নি।

কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়লে সারাবো ফায়ার সার্ভিস স্টেশনের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। ৫টি ইউনিটের প্রচেষ্টার পরও আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা দেয় আরও চারটি ইউনিট।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কারখানার ভেতরে প্রচুর খালি কার্টন থাকায় আগুনের ভয়াবহতা বেড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এক সপ্তাহ আগেই গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৭ অক্টোবর বিকেল ৪টার দিকে লাগা এ আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

এ ঘটনারই মাত্র তিনদিন আগে, গত ১৪ অক্টোবর বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায়। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দলের সহযোগিতায় সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে সেই আগুন।