ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকায় তিনদিন চলবে না মোটরসাইকেল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে নির্বাচনি এলাকায় টানা তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৭ অক্টোবর রাত ১২টা থেকে ৩০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এ ছাড়া ভোটগ্রহণের আগের দিন ২৮ অক্টোবর রাত ১২টা থেকে ২৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, প্রাইভেট কার, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা থাকবে।

বুধবার (১৪ অক্টোবর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে পাঠানো ইসির চিঠিতে বলা হয়েছে, আগামী ২৯ অক্টোবর ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্ধারিত সময়ের জন্য যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমোদিত পর্যবেক্ষক এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। ওষুধ, স্বাস্থ্যসেবা ও চিকিৎসাসামগ্রী এবং সংবাদপত্র বহনকারী যানবাহনও চলাচল করতে পারবে।

দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এ ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার নির্বাচনি এজেন্টের জন্য নির্ধারিত একটি করে ছোট গাড়ি রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলাচল করতে পারবে।

সাংবাদিক ও পর্যবেক্ষকদের যানবাহন বা মোটরসাইকেল এবং নির্বাচনসংশ্লিষ্ট কাজে ব্যবহৃত মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে। টেলিযোগাযোগ সেবায় নিয়োজিত যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

চিঠিতে আরো বলা হয়েছে, স্থানীয় প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। জাতীয় মহাসড়ক, বন্দর, আন্তঃজেলা ও মহানগরে প্রবেশ-প্রস্থানসহ গুরুত্বপূর্ণ সড়কেও প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিল করা যাবে।

আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালানো যাবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপির মির্জা ফয়সল আমিন, জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।