ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফেনীর পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়) প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১ অক্টোবর (বুধবার) তিনি এই প্রকল্পের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর এই সফর প্রথমে ১৭ সেপ্টেম্বর নির্ধারিত ছিল, পরে স্থগিত করে ১ অক্টোবর নতুন তারিখ ঠিক করা হয়।

গত ১৬ জুন একনেক সভায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। এর আওতায় নদী ও জলাধার পুনঃখনন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ ও সেচ অবকাঠামো সংস্কার করা হবে।

সফরের কর্মসূচি

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে প্রকল্পটি উদ্বোধন করে জনসভায় বক্তব্য দেবেন। এরপর তিনি ফুলগাজীতে যাবেন এবং খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

এছাড়া পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সরকারি দপ্তরে স্থাপিত ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেলেরও উদ্বোধন করবেন তিনি।

বেলা ৩টা থেকে ৩টা ২০ মিনিটে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তিন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ফ্যামিলি কার্ড, ইমাম-পুরোহিত ভাতা, কৃষক কার্ড এবং দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের সহায়তা কার্যক্রমে অংশ নেবেন। দলীয় নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের কথাও রয়েছে।

প্রস্তুতি ও নিরাপত্তা

সফরের প্রস্তুতি দেখতে সোমবার (২৮ সেপ্টেম্বর) ফেনী পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি খেয়াঘাট, মুহুরী নদীর তীর ও জনসভাস্থল পরিদর্শন করেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।

নিরাপত্তার জন্য অনুষ্ঠানস্থলকে রেড, ইয়েলো ও হোয়াইট – তিনটি জোনে ভাগ করা হবে। রেড ও ইয়েলো জোনে প্রবেশে বিশেষ কার্ড লাগবে। হোয়াইট জোনে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আল আমিন সরকার জানান, নিরাপত্তায় এসএসএফ, পুলিশ, এসআরবি, বিজিবি, কোস্ট গার্ডসহ দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবেন।

এদিকে ঘাটঘর এলাকায় জনসভার মঞ্চ, উদ্বোধনী ফলক, পরশুরাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অস্থায়ী হেলিপ্যাড, পানির ট্যাংক, পোর্টেবল টয়লেট এবং ফেনী-পরশুরাম সড়ক মেরামতের কাজ প্রায় শেষ পর্যায়ে।