ফের ভারতের প্রশংসায় ইমরান, চলে যাওয়ার পরামর্শ নওয়াজকন্যার

২৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আবারও ভারতের প্রশংসায় পঞ্চমুখ হলেন। প্রশংসা করে তিনি বলেছেন, ভারত এমন একটি দেশ, যাদের মহান শ্রদ্ধাবোধ রয়েছে। ইমরান খানের এই বক্তব্যর পর তীব্র সমালোচনা করেছেন দেশটির বিরোধীদলীয় নেত্রী মরিয়ম নওয়াজ শরিফ।

শনিবার তিনি বলেছেন, যদি তিনি এত বেশিই ভালোবাসেন, তাহলে তার ভারতে চলে যাওয়া উচিত।

শুক্রবার (৮ এপ্রিল) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভারতকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

টেলিভিশনে প্রচারিত ভাষণে ইমরান খান বলেন, আমি ভারতকে অন্যদের চেয়ে বেশি চিনি। সেখানে আমার বন্ধু রয়েছে এবং আমি খুবই দুঃখিত যে, আরএসএসের কারণে এবং কাশ্মীরে তারা যা করে সে জন্য তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। ভারতীয়রা খুবই আত্মমর্যাদাবোধ সম্পন্ন। কেউ তাদের নির্দেশ দিতে পারে না।

এর আগে, সম্প্রতি খাইবার পাখতুনখাওয়ার এক উন্মুক্ত জনসমাবেশে ভারত ও ভারতীয় প্রধানমন্ত্রী প্রসঙ্গে একঝাঁক ইতিবাচক কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

এদিকে, সংসদে অনাস্থা ভোটের মুখোমুখি হওয়া ইমরান খানের ক্ষমতা থেকে বিদায় এখন সময়ের অপেক্ষা মাত্র। শনিবার রাত ৮টার পর দেশটির সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোট অনুষ্ঠিত হতে পারে। সংসদের অধিবেশন সকালের দিকে মুলতবি হয়ে যাওয়ার পর আড়াইটার দিকে পুনরায় শুরু হয়েছে। তার আগে শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে ইমরান খান বলেছিলেন, তিনি ভারতের বিরুদ্ধে নন এবং ভারতে তার অনেক অনুসারি আছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটের প্রস্তাব খারিজ করা ছিল‘অসাংবিধানিক’ বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে জাতীয় পরিষদ পুনর্গঠন এবং স্পিকারকে অধিবেশন ডাকার নির্দেশ দেওয়া হয়।

এছাড়া রিভিউ পিটিশন খারিজ করে শনিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হবে বলে রায় দেন আদালত।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে দেশটির প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় ঘোষণা করেন।

সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী, শনিবার পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন আহ্বান করতে বাধ্য জাতীয় পরিষদের স্পিকার।

সূত্র: জিও টিভি