মেসির গোলও বাঁচাতে পারল না মায়ামিকে

এমএলএসে জয়ের দেখা মিলছে না ইন্টার মায়ামির। সান দিয়েগো এফসির বিপক্ষে ২-২ গোলে ড্র করে টানা চতুর্থ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে লিওনেল মেসির দল।

ম্যাচের ১২ মিনিটেই সান দিয়েগোকে এগিয়ে দেন আন্দের্স ড্রেয়ার। জেপ্পে তভার্সকভের নিখুঁত থ্রু বল পেয়ে মায়ামির গোলরক্ষক ডেইন স্ট. ক্লেয়ারের মাথার ওপর দিয়ে দারুণ চিপে বল জালে জড়ান তিনি।

তবে পিছিয়ে পড়েও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মায়ামিকে। ২৪ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান লিওনেল মেসি। ডান দিক থেকে নেওয়া তার ফ্রি-কিক কোনো খেলোয়াড়ের স্পর্শ ছাড়াই সরাসরি ঢুকে যায় সান দিয়েগোর জালে। ইন্টার মায়ামির হয়ে এটি ছিল মেসির ১০১তম গোল এবং চলতি লিগ মৌসুমে ২০তম।

বিরতির পর ম্যাচে উত্তেজনা আরও বাড়ে। ৭৪ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। জয় প্রায় নিশ্চিত মনে হলেও শেষ মুহূর্তে আবারও মায়ামির স্বপ্ন ভেঙে দেন ড্রেয়ার।

৮২ মিনিটে মায়ামির রক্ষণভাগের ওপর দিয়ে আসা বল নিয়ন্ত্রণ করে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন ড্রেয়ার। ফলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।

নতুন কোচ কিলি গঞ্জালেসের অধীনে লিগে প্রথম ম্যাচেই জয়হীন থাকতে হলো মায়ামিকে। টানা চতুর্থ ড্রয়ের পর ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের তৃতীয় স্থানে আছে ইন্টার মায়ামি।