মাদ্রাসা অধ্যক্ষকে গুম-হত্যা, ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আমলে

গাজীপুরের মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন আল-আমিনকে অপহরণ, নির্যাতন, হত্যা ও মরদেহ গুমের অভিযোগে সাবেক ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। এর আগে বুধবার চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম অভিযোগ দাখিল করেন।

অভিযুক্তরা হলেন- তৎকালীন সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান, এডিসি ইশতিয়াক আহমেদ, পরিদর্শক মো. আসাদুজ্জামান মিয়া, পরিদর্শক মো. মেজবাহ উদ্দিন আহাম্মেদ ও এসআই তৌহিদুল ইসলাম সুমন।

অভিযোগে বলা হয়, সরকারের সমালোচক হওয়ায় ২০২৩ সালের ৩০ জানুয়ারি মাদ্রাসা ইবনে মাসউদের অধ্যক্ষকে তুলে নিয়ে মিন্টো রোডে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত আটকে রাখা হয়। ১৮ দিন নির্যাতনের পর অসুস্থ হলে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। পরে মরদেহ কেরানীগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেলে গুম করা হয়।