জাপানের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

গ্রুপ পর্বে (চ্যালেঞ্জার পুল) অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপের নকআউট পর্বে উঠেছিল বাংলাদেশ। তবে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী জাপানের কাছে হেরে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নভঙ্গ হয়েছে তাদের।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জাপানের কাছে ২-০ গোলে হেরেছে লাল-সবুজের মেয়েরা।

এদিন দ্বিতীয় কোয়ার্টারে এগিয়ে যায় জাপান। ম্যাচের ২৬তম মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে গোল করেন হিরাই ইয়োশিনো। পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে বেশ কয়েকটি সুযোগও তৈরি করে শারিকা রিমন-কনা আক্তাররা।

তবে কাঙ্খিত গোলের দেখা পায়নি কেউই। চতুর্থ কোয়ার্টারে আবারও এগিয়ে যায় জাপান। ফিল্ড গোল করে ব্যবধান ২-০ করেন সুজুকি মোমোকা।

এর আগে গ্রুপপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল বাংলাদেশ। চার ম্যাচের চারটিই জিতে কোয়ার্টারে উঠেছিল তারা। জাপানের বিপক্ষে হারের ফলে এখন পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ হবে মালয়েশিয়া অথবা দক্ষিণ কোরিয়া।

অবশ্য টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান এখনই শেষ হচ্ছে না। আগামী পরশু ১২ সেপ্টেম্বর নিজেদের শেষ স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ হবে মালয়েশিয়া অথবা দক্ষিণ কোরিয়া।