রোহিঙ্গা সংকট সমাধানে ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন রোহিঙ্গা সংকট সমাধানে প্রচলিত ত্রাণভিত্তিক কাঠামোর বাইরে গিয়ে ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে।

রবিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীতে ইনস্টিটিউট অব গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন (আইজিসিএফ) আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ সব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা রোহিঙ্গা সংকটকে কেবল সাময়িক বা সাধারণ ‘জরুরি মানবিক সংকট ব্যবস্থাপনা’ হিসেবে আটকে না রেখে একে দীর্ঘমেয়াদি টেকসই সমাধান এবং পূর্ণাঙ্গ প্রত্যাবাসনের রাজনৈতিক প্রক্রিয়ার দিকে ধাবিত করার পরিকল্পনাকেই ‘রূপান্তরকালীন কৌশল’ বলা হচ্ছে। প্রায় ১৫ লাখ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে (রোহিঙ্গা) পূর্ণ সম্মান, মর্যাদা ও নিরাপত্তার সাথে তাদের নিজস্ব বাসভূমি মিয়ানমারের রাখাইন রাজ্যে ফেরত পাঠানোই বাংলাদেশের প্রধান উদ্দেশ্য।

৯ বছরে পদার্পণ করা এই সংকটটি এখন আর শুধু একটি মানবিক সমস্যা নয়, বরং এটি পুরো অঞ্চলের স্থিতিশীলতা ও আঞ্চলিক নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ আরো বলেন, জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশন বা বৈশ্বিক ফোরামগুলোতে অন্যান্য সমসাময়িক বা যুদ্ধ সংক্রান্ত সংঘাতের কারণে যেন রোহিঙ্গা সংকট আড়ালে পড়ে না যায়। কেবল খাদ্য ও জরুরি ত্রাণ সহায়তার ওপর নির্ভর না করে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার জন্য নিরাপদ ও উপযোগী রাজনৈতিক পরিবেশ তৈরি করতে বিশ্ব সম্প্রদায়কে সমন্বিত ও জোরালো উদ্যোগ নেওয়ার জোর তাগিদ দিতে হবে।