ঊর্ধ্বতন ৭ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ঊর্ধ্বতন সাত কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে জারিকৃত পৃথক দুটি প্রজ্ঞাপন ও কার্যালয় আদেশে এই রদবদলের সিদ্ধান্ত জানানো হয়।

প্রথম প্রজ্ঞাপনে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মনজুরুল আলমকে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে ঢাকার পুলিশ স্টাফ কলেজের সহকারী পুলিশ সুপার তানিয়া সুলতানা ইভাকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে এবং দিনাজপুরের হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ. ন. ম. নিয়ামত উল্লাহকে ঢাকা স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসান এবং আবদুল্লাহ আল মামুনকেও ঢাকা এসবির সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে অপর কার্যালয় আদেশে ডিএমপির ভেতরের প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। এতে ট্রাফিক-অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. খালিদ বোরহানকে ডিএমপির ডিসিপ্লিন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসিপ্লিন-২) হিসেবে বদলি করা হয়। একই সঙ্গে জাকির হোসেন সুমনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে ট্রাফিক-অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ বিভাগে পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, সেবা ত্বরান্বিত ও প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়াতেই নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে।