দেশের ইতিহাসে প্রথম রোবটিক সার্জারি সফল, নেতৃত্বে ডা. সালেহীন

দেশে প্রথমবারের মতো সফল রোবটিক সার্জারি হয়েছে। নেতৃত্ব দিয়েছেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহীন।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ‘মেডবট তুমাই’ রোবটের মাধ্যমে ৫৭ বছর বয়সী এক রোগীর পিত্তথলির পাথর অপসারণ করা হয়।

ডা. সালেহীন বলেন, রোবটিক আর্ম ৩৬০ ডিগ্রি ঘুরতে পারে, ফলে জটিল জায়গায়ও নিখুঁতভাবে অপারেশন সম্ভব। রক্তক্ষরণ কম হয়, রোগী দ্রুত সুস্থ হয়।

তিনি জানান, প্রচলিত পদ্ধতির চেয়ে খরচ ২-৩ গুণ বেশি হলেও ভবিষ্যতে ব্যবহার বাড়লে খরচ কমবে। এখন থেকে এ সেবা দেশেই পাওয়া যাবে, বিদেশে যেতে হবে না।

অধ্যাপক ডা. রফিকুস সালেহীন ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান হিসেবেও দায়িত্বে আছেন।