সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, ৩ নার্সকে বদলি করলেন স্বাস্থ্যমন্ত্রী

ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে ৩ সিনিয়র নার্সকে বদলির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় পরিদর্শনে গিয়ে রোগীদের অভিযোগ শোনেন তিনি। রোগীরা চিকিৎসক সংকট, জনবল ঘাটতি ও অপরিচ্ছন্ন পরিবেশের কথা জানান।

এ সময় নার্সিং সেবায় অবহেলার অভিযোগে রিনা রানী বিশ্বাস, সুস্মিতা কীর্তনীয়া ও শামীমা আক্তারকে বদলির নির্দেশ দেন মন্ত্রী।

তিনি বলেন, “স্বাস্থ্যসেবায় কোনো অবহেলা সহ্য করা হবে না। জনবল সংকট দ্রুত পূরণ করা হবে।”

ওষুধ সংকটের কথা শুনে ইডিসিএলের এমডিকে ফোন করে দ্রুত সরবরাহের নির্দেশ দেন। উপজেলা পর্যায়ে ১০টি করে ডায়ালাইসিস মেশিন বসানোর পরিকল্পনার কথাও জানান তিনি।