সরকারি হলো বগুড়ার দুই বিদ্যালয়

বগুড়া জেলার দুই উপজেলার দুটি মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়েছে। সরকারি হওয়া দুই বিদ্যালয়ের একটি গাবতলীতে এবং অপরটি শিবগঞ্জ উপজেলার। এ দুটি প্রতিষ্ঠানের সব শিক্ষক-কর্মচারীকে আত্তীকরণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গত বৃহস্পতিবার (২৭ আগষ্ট)  সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

আজ শনিবার (২৯ আগষ্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, বগুড়া জেলার গাবতলী উপজেলার ‘গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়’ সরকারিকরণ করা হয়েছে। এখন থেকে এ বিদ্যালয়টির নাম হবে ‘গাবতলী সরকারি উচ্চ বিদ্যালয়’।

অপর প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাধীন ‘শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’ হতে ‘শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়’ নামে সরকারিকরণ করা হলো।

দুটি বিদ্যালয় সরকারিকরণে পৃথক প্রজ্ঞাপন জারি করা হলেও একই শর্ত উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো- প্রচলিত বিধি-বিধানের আলোকে শিক্ষাপ্রতিষ্ঠান দুটির শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।