শাড়িকাণ্ডে তিশার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি: পিবিআই

 

শাড়ি ফেরত না দেওয়া ও হুমকির অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা মামলায় অভিযোগের সত্যতা পায়নি পিবিআই। সম্প্রতি ঢাকার সিএমএম আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

তবে বাদী ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া এতে সন্তুষ্ট নন। তিনি নারাজি আবেদন করবেন বলে জানিয়েছেন। আগামী ৯ সেপ্টেম্বর আদালতে শুনানি।

বাদীর দাবি, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর ৭৫ হাজার টাকা মূল্যের শাড়ি নেন তিশা, ফেরত দেননি। ২০২৫ সালের ২৭ নভেম্বর তিনি মামলা করেন।

পিবিআই জানায়, মেসেঞ্জারের স্ক্রিনশটে দেখা যায় তিশা প্রথম দিকের বার্তা সিন করেননি। পরে শাড়ি খুঁজে দেখবেন বলে জানান। তার সাবেক ড্রাইভার শাড়ি ফেরত দেওয়ার কথা থাকলেও চাকরি ছেড়ে চলে যান। ১২ নভেম্বর জিডির পর তিশা থানার মাধ্যমে ফেরত দিতে চাইলেও বাদী নেননি। পরে ২০২৬ সালের ৩১ মার্চ ডাকযোগে শাড়ি ফেরত পাঠান তিশা।

পিবিআই বলছে, বাদী দালিলিক প্রমাণ দেননি, হুমকির যে মেসেজের কথা বলা হয়েছে সেখানে ঠিকানা চাওয়া ও শুভকামনা ছিল। তাই প্রতারণা ও হুমকির অভিযোগ প্রমাণিত হয়নি।