হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সিভিল সার্জনকে বদলি স্বাস্থ্যমন্ত্রীর

 

এবার চাঁদপুরে এক সরকারি হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

রোববার (৯ আগস্ট) সকালে জেলার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান তিনি। পরিদর্শনের সময় দায়িত্ব অবহেলার অভিযোগে চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. মো. নূর আলম দ্বীনকে তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

সকালে হঠাৎ করেই হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সেখানে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখার পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের শারীরিক ও সেবার মান নিয়ে খোঁজখবর নেন তিনি। এ সময় স্বাস্থ্যসেবায় কোনো ধরনের দায়িত্ব অবহেলা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী।

পরবর্তীতে চিকিৎসাসেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার পর সরকার দেশের স্বাস্থ্য খাতের অনিয়ম ও সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করেছে। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রান্তিক পর্যায়ে হেলথ হাব গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।

হাইমচর পরিদর্শন শেষে মন্ত্রী চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে যান। সেখানে তিনি হাসপাতালের রান্নাঘরে গিয়ে খাবারের মান পরীক্ষা করেন এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের খোঁজখবর নেন। পরে তিনি উপস্থিত চিকিৎসকদের নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন এবং তাদের নানা সমস্যার কথা শোনেন।

পরিদর্শনকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লা সেলিমসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।