জুলাই যোদ্ধাদের অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

 

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে জীবিকার জন্য অটোরিকশা ও রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বগুড়ার এক বৃদ্ধকেও দুটি অটোরিকশা উপহার দিয়েছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব উপহার তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী এ সময় সবার সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।

অনুষ্ঠানে নড়াইলের আজিজ শেখকে একটি সিএনজি অটোরিকশা দেওয়া হয়। তিনি মিরপুর বাংলা কলেজের ছাত্র। জুলাই আন্দোলনে মিরপুর-১০ এ গুলিবিদ্ধ হয়ে তার শরীরে ৩৬টি স্প্লিন্টার বিদ্ধ হয়। এখন পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালিয়ে পরিবার চালান। প্রধানমন্ত্রী তাকে বলেন, ‘অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে হবে।’

কুষ্টিয়ার গফফারকে দেওয়া হয় দুটি প্যাডেল রিকশা। জুলাই আন্দোলনে তিনি মহাখালীতে আন্দোলনকারীদের পানি খাইয়েছেন এবং নিজের রিকশায় আহতদের হাসপাতালে নিয়েছেন। গফফার জানান, একটি রিকশা নিজে চালাবেন, অন্যটি ভাড়া দেবেন।

এছাড়া বগুড়ার গাবতলীর ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেওয়া হয়। কর্মসংস্থান না থাকায় কষ্টে দিন কাটছিল তার।

অনুষ্ঠানে এমপি শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।