রিয়ালে আরো ৬ বছর থাকছেন ভিনিসিয়ুস

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রিয়াল মাদ্রিদেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ভিনিসিয়ুস জুনিয়রস্প্যানিশ পরাশক্তিদের দেওয়া সবশেষ চুক্তির প্রস্তাবে সায় দিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

নতুন চুক্তি অনুযায়ী ২০৩২ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকছেন তিনি। গতকাল বৃহস্পতিবার ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

এর আগে ব্রাজিলিয়ান তারকার প্রতিনিধি ও রিয়ালের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এক রুদ্ধদ্বার বৈঠক হয়। ক্লাব থেকে বেতন বাড়িয়ে নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হলে ভিনিসিয়ুসেড় প্রতিনিধি দল ইতিবাচক সাড়া দেয়।

সেখান থেকেই চূড়ান্ত বরফ গলে। উল্লেখ্য, শেষ এক বছরেরও বেশি সময় ধরে এই চুক্তি নবায়ন প্রক্রিয়া থমকে ছিল, যা নিয়ে তৈরি হয়েছিল নানামুখী সংশয়। ২০১৭ সালের জুনে শেষ হতে যাওয়া আগের চুক্তির পর তার বার্নাব্যু ছাড়ার গুঞ্জনও চাউর হয়েছিল।

ইএসপিএন সূত্র জানায়, আগের প্রস্তাবের চেয়ে বেশ খানিকটা আর্থিক উন্নতি ঘটিয়ে নতুন পেপার তৈরি করে রিয়াল।

তাদের আগের প্রস্তাবটি ছিল বছরে ২২ মিলিয়ন ইউরোর (প্রায় ২৫.৩ মিলিয়ন ডলার)। বিপরীতে আগের চুক্তিতে ১৭.৫ মিলিয়ন ইউরো পাওয়া ভিনিসিয়ুস দাবি করেছিলেন বছরে অন্তত ৩০ মিলিয়ন ইউরো (৩৪.৬ মিলিয়ন ডলার)। অবশেষে দুই পক্ষ মাঝামাঝি কোনো অংকে পৌঁছে সমঝোতায় আসে।

এক বিজ্ঞপ্তিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘রিয়াল মাদ্রিদ ও ভিনিসিয়ুস জুনিয়র ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে একমত হয়েছে। এই চুক্তির ফলে ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত তিনি মাদ্রিদেই অবস্থান করবেন।’

মাঝখানে ভিনিসিয়ুসকে ডেরা ভেড়াতে উঠেপড়ে লেগেছিল ইংলিশ জায়ান্ট আর্সেনাল। গুঞ্জন ছিল, তার জন্য রেকর্ড পরিমাণ অর্থ ঢালতেও প্রস্তুত ছিল গানাররা। চুক্তি নবায়ন না হলে এই গ্রীষ্মেই তাকে বিক্রি করে দেওয়ার কথা ভাবছিল রিয়াল। কিন্তু শেষ মুহূর্তে প্রিমিয়ার লিগের দলটিকে হতাশ করে মাদ্রিদেই থাকার সিদ্ধান্ত নেন ২৪ বছর বয়সী এই উইঙ্গার।

২০১৮ সালের জুলাইয়ে রিয়ালে যোগ দেওয়ার পর পার করে দিয়েছেন আটটি সফল মৌসুম। লস ব্লাঙ্কোসদের হয়ে ৩৭৫ ম্যাচে ১২৮টি গোল করার পাশাপাশি জিতেছেন দুটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ, দুটি উয়েফা সুপার কাপ, তিনটি লা লিগা, একটি কোপা দেল রে এবং তিনটি স্প্যানিশ সুপার কাপ।