উচ্চ বেতনের প্রলোভনে কম্বোডিয়ায় পাচার, খুলনায় নারীসহ আটক ২

 

পিবিআই খুলনার অভিযানে কম্বোডিয়ায় উচ্চ বেতনে চাকরির প্রলোভনে মানব পাচারকারী চক্রের প্রধান আসামী মোঃ জিহাদ আলী লস্কর ও তার স্ত্রী সুমাইয়া সুমিকে ঢাকা সাভার থেকে গ্রেফতার করা হয়েছে এবং আসামীরা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।


কম্বোডিয়ায় অবস্থানকালীন আসামী জিহাদ ও তার স্ত্রী সুমাইয়া প্রতিবেশীদের ১ লক্ষ টাকা বেতনের প্রলোভন দেখিয়ে ভিকটিম মোসতাকীম ও মুকুলের কাছ থেকে ১২,৪০,০০০ টাকা নেয়। কম্বোডিয়া নিয়ে চুক্তি অনুযায়ী চাকরি না দিয়ে তাদের ভয়েস পরিবর্তন করে অনলাইন সেক্সুয়াল প্রতারণাসহ বিভিন্ন অবৈধ কাজে বাধ্য করে ও ঠিকমতো খাবার ও বেতন দেওয়া বন্ধ করে দেয়।

ভিকটিমরা কৌশলে পালিয়ে পরিবারের সহায়তায় বাংলাদেশে ফিরে আসেন এবং দৌলতপুর থানায় মানব পাচার আইনে দুটি পৃথক মামলা (নং-১৪ ও ১৫, তারিখ: ২৩/০৭/২০২৬) দায়ের করেন। পিবিআই খুলনা স্ব-উদ্যোগে তদন্তভার গ্রহণ করে। বিশেষ পুলিশ সুপার রেশমা শারমিন এর তত্ত্বাবধানে এসআই রেজোয়ান ও এসআই মোঃ সোহানুর রহমান ৩ আগস্ট ২০২৬ তারিখ রাত ৩:৩০ মিনিটে ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকা থেকে আসামীদ্বয়কে গ্রেফতার করেন।

​ প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা অপরাধ স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

  1. তদন্তে জানা যায়, আসামীরা ওই এলাকার আরও অনেককেই একই প্রলোভনে অর্থ হাতিয়ে নিয়ে কম্বোডিয়া পাচার করেছিল। এই সংক্রান্তে সাব্বির আহমেদ ও মাঈন হাসান বাদী হয়ে দৌলতপুর থানায় আরও দুটি পৃথক মামলা করেছেন।