আইনশৃঙ্খলার উন্নতি ছাড়া বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিনিয়োগের প্রধান শর্তই হলো স্থিতিশীল পরিবেশ ও নিরাপত্তা।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) উন্নয়নকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়নের মূল ভিত্তি হলো শক্তিশালী আইনশৃঙ্খলা। জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশি উদ্যোক্তারাও এগিয়ে আসবেন না। নিরাপত্তা নিশ্চিতে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।

তিনি আরও বলেন, সিইআইজেডসহ দেশের সব অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ অন্যান্য বাহিনী অত্যন্ত তৎপর রয়েছে। কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সিইআইজেড চেয়ারম্যান ওয়াং বেংকিয়ান, সিআরবিসির ভাইস প্রেসিডেন্ট লি চাংগুই, চীনা রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ইয়েন, বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম-১৩ আসনের এমপি সরওয়ার জামাল নিজামসহ স্থানীয় এমপিরা।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই অঞ্চল পুরোপুরি চালু হলে বিপুল বিদেশি বিনিয়োগ আসবে এবং লাখো মানুষের কর্মসংস্থান হবে। তবে এই সম্ভাবনাকে কাজে লাগাতে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখার বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের।