এফবিআই-এর কবলে আর্জেন্টিনা প্রধান!

বিশ্বকাপ চলাকালেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার বিরুদ্ধে সন্দেহজনক অর্থ লেনদেনের অভিযোগে তদন্ত শুরুর কথা জানিয়েছিল স্প্যানিশ গণমাধ্যম মার্কা। এবার আর্জেন্টাইন মিডিয়া ইনফোবে ও ক্লারিন বলছে, তাপিয়াসহ কয়েকজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ ও মোবাইল জব্দ করেছে এফবিআই।

তাদের প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে এফবিআই অভিযান চালায়। তদন্তের লক্ষ্য ছিল এএফএর আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তির আর্থিক কাঠামো। সেখানে তাপিয়াদের ফোন ও ইলেকট্রনিক ডিভাইস চাওয়া হয়।

এমনকি ৩০ জুলাই ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে তাপিয়াকে তলব করা হয়েছে বলেও দাবি করা হয়। তাদের অভিযোগ, ফ্লোরিডায় নিবন্ধিত ‘ট্যুরপ্রডএন্টার’ নামে একটি প্রতিষ্ঠান আর্জেন্টিনা দলের স্পন্সরশিপ ও টিভি স্বত্ব থেকে কোটি কোটি ডলার মায়ামির ব্যাংকে নিয়েছে, কিন্তু এএফএ তা আর্থিক বিবরণীতে দেখায়নি।

তবে দ্রুত বিবৃতি দিয়ে এই দাবি নাকচ করেছে এএফএ। তারা জানায়, ভাইরাল নথিটি তাপিয়া বা কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর বিরুদ্ধে কোনো সমন নয়। এটি একটি তৃতীয় পক্ষের জন্য জারি করা হয়েছে। তাপিয়াকে তলব বা ফোন জব্দের খবর সম্পূর্ণ মিথ্যা এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি।