পানি বেচে বাবাকে হজে পাঠাতে চাওয়া সুজনের পাশে প্রধানমন্ত্রী

পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা কিশোর সুজনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি নজরে আসতেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

সোমবার (২০ জুলাই) জিয়া উদ্যানে প্রধানমন্ত্রীর নির্দেশে সুজনের হাতে আর্থিক অনুদান তুলে দেন প্রতিমন্ত্রী আমিনুল হক। এসময় তিনি সুজনকে আর ঝুঁকিপূর্ণ কাজে না দিয়ে নিয়মিত স্কুলে পাঠানোর অনুরোধ জানান এবং তার পড়াশোনার সব খরচ বহনের ঘোষণা দেন।

আবেগাপ্লুত হয়ে সুজনের বাবা প্রতিশ্রুতি দেন, ছেলেকে আর রাস্তায় পানি বিক্রি করতে দেবেন না, স্কুলে ভর্তি করাবেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল মানুষ। সুজনের নিয়ত মহৎ, তবে সে পড়াশোনা করে বড় হয়ে নিজ যোগ্যতায় বাবা-মায়ের স্বপ্ন পূরণ করুক এটাই চাওয়া। অসুস্থ মায়ের চিকিৎসা ও পরিবারের খরচের জন্য প্রতি মাসে নির্দিষ্ট অনুদান সুজনের বাবার কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।