ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে, নবীন এসআইদের আইজিপি

ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন আইজিপি মো. আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে ৪২তম ক্যাডেট এসআই-২০২৫ ব্যাচের সমাপনী কুচকাওয়াজে তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা ও নাগরিকের জানমালের নিরাপত্তা পুলিশের পবিত্র দায়িত্ব। জনগণের সেবক হয়ে আস্থা অর্জন করতে হবে।’

আইজিপি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি গণতান্ত্রিক পুলিশ ব্যবস্থার পূর্বশর্ত। অপরাধ দমনে কঠোর, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী ও মানবিক হতে হবে। সেবা নিতে আসা কেউ যেন হয়রানির শিকার না হন।

তিনি সাইবার অপরাধ, অনলাইন জুয়া, গুজব মোকাবিলায় এআই ও ডিজিটাল ফরেনসিকে দক্ষতা বাড়ানোর তাগিদ দেন।

‘আমার পুলিশ, আমার দেশ; সবার আগে বাংলাদেশ’ আদর্শে দেশসেবার আহ্বান জানিয়ে তিনি শ্রেষ্ঠ এসআইদের পুরস্কৃত করেন।