সাভারে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণ

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটানো হয়।

ওই সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় নেতাকর্মীদের আতঙ্কে ছোটাছুটি করতে দেখা গেছে। তিনি মাইকে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান।

ঘটনার সময় সমাবেশ মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এদিকে বিস্ফোরণের ঘটনায় দুইজন আহত হয়েছেন। তাদেরকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘটনাস্থল থেকে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান,  ঘটনাস্থল থেকে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, সাভারে এনসিপির পদযাত্রাপরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে সাভারে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। পরে নেতৃবৃন্দ সাভার মডেল থানার সামনে অবস্থান নিয়েছেন।

সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত)  নূর মোহাম্মদ ঢাকা পোস্টকে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। তবে কী বিস্ফোরণ হয়েছে তা তদন্ত করে  দেখা হচ্ছে।  ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।