‘জামায়াত, জঙ্গি ও খালেদা বাংলাদেশের অগ্রসরের তিন বাধা’

২৯

নিজস্ব প্রতিবে6দক : জামায়াত, জঙ্গি ও খালেদা বাংলাদেশের অগ্রসরের তিন বাধা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

 

তিনি বলেন, স্বাধীনতাবিরোধী এই চক্রকে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। এই বাধাকে অতিক্রম করতে না পারলে বাংলাদশে মুক্তিযুদ্ধের চেতনা কোনোভাবেই বাস্তবায়ন করা যাবে না।

 

রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ চিকিৎসক পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুর ৯৬তম জন্মদিন উপলক্ষে  বাংলাদেশ মুক্তিযোদ্ধা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

ইনু বলেন, এদের (জামায়াত জঙ্গি) সঙ্গে মিটমাটের কিছুই নেই। এদেরকে এদেশের মাটি থেকে বিতাড়িত করতেই হবে এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে জঙ্গিবাদের পাহাড়াদার বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে দমন, বর্জন ও উচ্ছেদের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে।

 

শান্তির বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ গড়তে হলে জঙ্গিবাদ, সন্ত্রাস মোকাবিলা করার বিকল্প নেই। আর এর জন্য বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

 

তথ্যমন্ত্রী বলেন, একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার লক্ষ্যেই বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন। কিন্তু ১৯৭৫ সালে ১৫ আগস্ট বর্বর হত্যাকাণ্ডের পর সেই স্বপ্ন দুঃস্বপ্নে রূপ নেয়। দীর্ঘ সময় সামরিক এবং স্বাধীনতাবিরোধী শক্তি ক্ষমতায় থাকার কারণেই বঙ্গবন্ধুর বাংলাদেশ অগ্রসরে বাধাগ্রস্ত হয়। আর যারা বাংলাদেশকে ও বঙ্গবন্ধুকে স্বীকার করে না, তাদের এদেশে বসবাসের কোনো অধিকার নেই।

 

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মো. সিরাজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান, বাংলাদেশ চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. মোল্লা ওবায়দুল্লাহ বাকী প্রমুখ।