ভোটার নিবন্ধনের সময় এক মাস বাড়ল, ৩১ জুলাই পর্যন্ত করা যাবে আবেদন

নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ৩০ জুন থেকে বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২ জুলাই) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের সময়সূচি পর্যালোচনা করে ভোটার তালিকা হালনাগাদের কাজ ৩১ জুলাই পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আইনে প্রয়োজনীয় পরিবর্তনও আনা হয়েছে, যা দ্রুত প্রকাশ করা হবে।

আব্দুর রহমানেল মাছউদ জানান, ৩১ জুলাইয়ের মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হবেন, তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।

তিনি আরও বলেন, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হলেও এই সময়সীমা কার্যকর রাখতে সমস্যা হবে না বলে কর্মকর্তারা কমিশনকে আশ্বস্ত করেছেন। সম্ভাব্য অতিরিক্ত ভোটকেন্দ্রের তালিকাও প্রস্তুত করা হয়েছে।