জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৫ জুলাই) সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের সর্বোচ্চ সম্মান ও আহতদের পূর্ণাঙ্গ পুনর্বাসনে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, জুলাই শহীদদের বিচার এদেশের মাটিতেই হবে। তবে বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয়। একটু বিলম্ব হলেও অন্যায়কারীর সঠিক বিচার নিশ্চিত করা হবে।

জুলাই পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ৫ আগস্টের অর্জন কোনো ব্যক্তি বা দলের নয়। দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের অর্জন। জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া যায় না। আসুন দেশ, মাটি ও মানুষের কল্যাণে সবাই ঐক্যবদ্ধ হই।

জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে শহীদ পরিবারের সদস্যরা তাদের অনুভূতি তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শহীদ পরিবারের হাতে জুলাই স্মৃতি স্মারক তুলে দেন।

জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।