ইরানে খামেনিকে শ্রদ্ধা জানাল এনসিপি-জামায়াত-খেলাফত মজলিসের প্রতিনিধিদল

ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে ইরান সফরে গেছে এনসিপি, জামায়াত ও খেলাফত মজলিসের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

শুক্রবার (৩ জুলাই) তারা একসঙ্গে খামেনির মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। ইরানের রাষ্ট্রীয় টিভিতে এটি সরাসরি সম্প্রচার করা হয়।

নাসিরউদ্দিন পাটোয়ারী সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা নিবেদনের ভিডিও প্রকাশ করে লেখেন, শহীদ ইমাম খামেনি ও অন্য শহীদদের মরদেহ প্রথমবার জনসম্মুখে আনা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদল শ্রদ্ধা ও দোয়ায় অংশ নিয়েছে। বাংলাদেশের প্রতিনিধি দলও গভীর শ্রদ্ধা ও দোয়া নিবেদন করেছে।

তিনি জানান, শনিবার (৪ জুলাই) সাধারণ মানুষের শ্রদ্ধার জন্য খামেনির মরদেহ গ্র্যান্ড মুসাল্লায় রাখা হবে।

ইরান সরকারের আমন্ত্রণে বাংলাদেশি প্রতিনিধি দল ৯ জুলাই পর্যন্ত ইরানে থাকবে।

জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বে প্রতিনিধি দলে আছেন মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি ও ডা. এস এম খালিদুজ্জামান। সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এবং খেলাফত মজলিসের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমদ হানজালা।