এফডিসিতে শিল্পী সমিতির ভোট চলছে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আগামী দুই বছরের নেতৃত্ব বেছে নিতে ব্যালটে রায় দিচ্ছেন রূপালি পর্দার শিল্পীরা।

শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে ভোট শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে।

এবারের নির্বাচনে মূল লড়াই দুই প্যানেলের মধ্যে। একটিতে নেতৃত্ব দিচ্ছেন শিবা শানু ও জয় চৌধুরী। অন্যটিতে আছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি। দুই প্যানেলই জয়ের ব্যাপারে আশাবাদী। বুধবারের প্যানেল পরিচিতিতে উভয় পক্ষই সাধারণ শিল্পীদের কল্যাণে কাজ করার আশ্বাস দিয়েছেন।

নির্বাচন ঘিরে এফডিসিজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। পুলিশের পাশাপাশি র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর রয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে আছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। সঙ্গে আছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা। আপিল বোর্ডে রয়েছেন ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।