২০ বছর পর নতুন ভিসানীতি আনছে সরকার, থাকছে ৩৪ ক্যাটাগরি

দুই দশক পর ভিসানীতিতে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। ২০০৬ সালের পর এবার নতুন ভিসানীতির খসড়া মন্ত্রিসভার বৈঠকে তোলা হয়েছে। তবে আগের কালো তালিকাভুক্ত দেশগুলোর অবস্থান নতুন খসড়াতেও অপরিবর্তিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আন্তর্জাতিক সম্পর্ক জোরদার, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং পর্যটন খাত গতিশীল করতেই নতুন ভিসানীতি করা হচ্ছে।

তার ভাষ্য অনুযায়ী, নতুন খসড়ায় ভিসার জন্য মোট ৩৪টি পৃথক ক্যাটাগরি রাখা হয়েছে। এটি আবেদনকারীদের উদ্দেশ্য ও প্রয়োজন অনুযায়ী ভিসা ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করবে। নীতিমালা চূড়ান্ত করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে।

এদিকে নিরাপত্তা ও কূটনৈতিক বিবেচনায় আগে থেকে যেসব দেশ কালো তালিকাভুক্ত ছিল, নতুন খসড়াতেও সেসব দেশের অবস্থান অপরিবর্তিত আছে। নতুন ভিসানীতির খসড়াটি আইনি প্রক্রিয়া শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য আবার মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।