জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ বিদ্যুৎ বিভাগের

জুন মাসে গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ ও সাম্প্রতিক লোডশেডিং নিয়ে বিদ্যুৎ বিভাগের মতবিনিময় ও পর্যালোচনা সভা হয়েছে। সভায় অভিযোগ দ্রুত তদন্ত করে সমাধান এবং গ্রাহকসেবার মান বাড়াতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে ভার্চুয়ালি এ সভা হয়। এতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, সারাদেশের জেলা প্রশাসক (ডিসি) এবং বিভিন্ন বিদ্যুৎ বিতরণী সংস্থা ও কোম্পানির কর্মকর্তারা অংশ নেন।

সভায় অস্বাভাবিক বিদ্যুৎ বিলের কারণ, লোডশেডিং নিয়ে মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থায় নেট মিটার স্থাপনের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

জানানো হয়, জুন মাসে দেশের বিভিন্ন এলাকায় অনেক গ্রাহক অতিরিক্ত বিদ্যুৎ বিল পেয়েছেন বলে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিতরণী কোম্পানিগুলোর প্রধানদের মতামত ও ব্যাখ্যা চাওয়া হয়।

বিদ্যুৎ সচিব জেলা প্রশাসকদের কাছে এ ধরনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তারা উল্লেখযোগ্য কোনো অভিযোগ পাননি বলে জানান। তবে গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য বিতরণ সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে সভায় জানান সচিব।

তিনি বলেন, বিল প্রণয়নে কোনো করণিক বা কারিগরি ভুল হলে তা দ্রুত সংশোধন করতে হবে। পাশাপাশি কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অসদুপায়ের অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য গ্রাহকদের সংশ্লিষ্ট বিতরণ সংস্থার সঙ্গে সরাসরি বা হটলাইনে যোগাযোগ করতে বলেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা হটলাইন ১৬৯৯৯ ছাড়াও বিপিডিবি (১৬২০০), পল্লী বিদ্যুৎ (১৬৮৯৯), বিপিডিসি (১৬১১৬), ডেসকো (১৬১২০), নেসকো (১৬৬০৩) এবং ওজোপাডিকো (১৬১১৭) নম্বরে অভিযোগ জানানো যাবে।