বৃহস্পতিবার জানা যাবে এলপিজির নতুন দাম

জুলাই মাসে এলপিজির দাম বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে বৃহস্পতিবার (২ জুলাই)। ওইদিন বিকেল ৩টায় নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকো ঘোষিত জুলাই, ২০২৬ মাসের সৌদি সিপি অনুযায়ী ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির দাম সমন্বয় করা হবে। রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের ৬ষ্ঠ তলায় কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে দর জানানো হবে।

এলপিজির নতুন দামের আদেশ বিইআরসির ওয়েবসাইট www.berc.org.bd তেও পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করে বিইআরসি। একই দিন অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল।