মেসিকে কেপ ভার্দের ১০ নম্বর জার্সি উপহার দেবেন প্রেসিডেন্ট

নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ নবাগত কেপ ভার্দে। তবে মাঠে নামার আগে বিশেষ সম্মান পাচ্ছেন লিওনেল মেসি। প্রতিপক্ষ হলেও আর্জেন্টাইন অধিনায়ককে নিজেদের ১০ নম্বর জার্সি উপহার দেবে কেপ ভার্দে।

দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেসের নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘মেসি আর্জেন্টিনার ফুটবলার হলেও সারা বিশ্বের গর্ব। তাই তাঁকে আমাদের ১০ নম্বর জার্সি উপহার দিয়ে ধন্য হতে চাই।’

প্রেসিডেন্ট নেভেস আরও জানান, ‘বিশ্বাস করি ম্যাচে কেপ ভার্দেই জিতবে। যদি দুর্ভাগ্যক্রমে আমরা হেরে যাই, তাহলে বিশ্বকাপে আমরা আর্জেন্টিনাকে সমর্থন দেব।’ তিনি আরও বলেন, বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলকে কেপ ভার্দেতে আমন্ত্রণ জানানো হবে। এতে দেশের ফুটবল আরও গুরুত্ব পাবে।