জার্মানিকে হারানোর উল্লাস: প্যারাগুয়েতে জাতীয় ছুটি

বিশ্বকাপে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে ওঠার ঐতিহাসিক জয় উদযাপনে মঙ্গলবার দেশজুড়ে জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।

সোমবার রাতে এ ঘোষণা আসে। সরকার বলছে, জাতীয় দলের স্মরণীয় এই সাফল্য উদযাপনের সুযোগ দিতেই বিশেষ ছুটি দেওয়া হয়েছে।

শেষ বত্রিশের ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে শেষ হয়। এরপর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করে প্যারাগুয়ে। জয়ের পরপরই সারা দেশে শুরু হয় উৎসব।

কোচ গুস্তাভো আলফারোর অধীনে প্যারাগুয়ে জার্মানির মতো শক্তিশালী দলকে হারিয়ে বড় চমক দিয়েছে। এ জয়কে দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত বলা হচ্ছে।

সরকার জানিয়েছে, আইন অনুযায়ী প্রেসিডেন্ট প্রতি বছর সর্বোচ্চ তিনটি অতিরিক্ত সরকারি ছুটি দিতে পারেন। সেই ক্ষমতা ব্যবহার করেই এ ছুটি ঘোষণা করা হলো।

সূত্র: গার্ডিয়ান