ফেসবুকে জাইমা রহমানকে কটূক্তি: ফেনীতে যুবক গ্রেপ্তার

ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য করায় ফেনীর দাগনভূঞায় মোসলেহ উদ্দিন জনি (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুরের বক্সআলী মৌলভী বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানান দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান।

গ্রেপ্তার জনি ওই এলাকার মৃত মো. মোস্তফার ছেলে। তিনি কিছুদিন আগে প্রবাস থেকে দেশে ফেরেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, জনি দীর্ঘদিন ধরে নিজের ফেসবুক আইডি থেকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়ে আসছিলেন। সোমবারও তিনি একই ধরনের একটি পোস্ট দেন। বিকেলে তিনি বাড়ির সামনে আছেন—এ খবর পেয়ে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা তাকে ধরে পুলিশে দেন।

ওসি ফয়জুল আজীম নোমান বলেন, “ঘটনা জানার পর ছাত্রদল নেতাকর্মীদের সহায়তায় তাকে আটক করেছি। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। এর পেছনে অন্য কেউ জড়িত কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।”