কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ দেশে ফিরল

কাতারের শাহানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ৬টা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লাশগুলো এসে পৌঁছায়।

এর আগে রোববার (২১ জুন) সকালে শাহানিয়া এলাকায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। গাড়িতে থাকা পাঁচ বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিক ঘটনাস্থলেই মারা যান। তারা সবাই কাজে যাচ্ছিলেন। মরদেহগুলো কাতারের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছিল।

নিহতরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন—গাছবাড়ী গ্রামের আব্দুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান ও জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ।

শ্রম কল্যাণ উইং জানায়, সোমবার (২৯ জুন) কাতারের স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ ফ্লাইটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহগুলো পাঠানো হয়।

দূতাবাস জানিয়েছে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হয়েছে।