তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধারের তথ্য গুজব: ডিএমপি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধারের তথ্যকে গুজব বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন নজরুল ইসলাম বলেন, ডিএমপির এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি। যারা এ ধরনের গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ইউনিট কাজ করছে।

রোববার (২৮ জুন) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধার সংক্রান্ত কিছু তথ্য, ছবি ও ভিডিও ছড়াতে দেখা যাচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখেছে। ডিএমপির উত্তরা বিভাগের তুরাগ থানা এলাকায় এ ধরনের কোনো ধারাবাহিক মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ড বা এ সংক্রান্ত কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি। এ বিষয়ে তুরাগ থানায় কোনো অভিযোগ, জিডি বা মামলাও হয়নি। অনুসন্ধানে তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও বিবৃতি প্রকাশ করা হয়েছে।

তিনি জানান, মিরপুর ক্রাইম ডিভিশনের পল্লবী ও রূপনগর থানার সীমানা পর্যালোচনা করেও প্রচারিত তথ্যের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ দুই থানায়ও কোনো অভিযোগ বা প্রমাণ মেলেনি।

‘সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই ছাড়া শেয়ার করা থেকে বিরত থাকা উচিত। বিভ্রান্তিকর বা উসকানিমূলক তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণ হতে পারে,’ বলেন তিনি।

ডিএমপির কোনো থানায় এমন ঘটনা আছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘ডিএমপির মধ্যে এমন কোনো ঘটনা ঘটেনি। তবে সম্ভবত আমিনবাজার নৌ পুলিশ একটি মরদেহ উদ্ধার করেছে এবং দারুসসালাম থানায় মামলা হয়েছে। এটি নৌ পুলিশের অধিক্ষেত্রের ঘটনা, তারা তদন্ত করছে।’

‘তিনটা মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে’—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ডিএমপির অধিক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই। আমার ডিএমপির মধ্যে এমন কোনো ঘটনা ঘটেনি। যারা এ ধরনের গুজব ছড়াবে তাদের বিষয়ে আমাদের সংশ্লিষ্ট ইউনিট কাজ করছে।’