হাদি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দিতে পারেনি সিআইডি, নতুন তারিখ ১৫ জুলাই

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আগামী ১৫ জুলাই নতুন দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ দিন ধার্য করেন।

এদিন প্রতিবেদন দাখিলের তারিখ থাকলেও মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা আদালতে কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত নতুন দিন দেন।

এর আগে গত ১৫ জানুয়ারি মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ডিবির দেওয়া চার্জশিটে অসন্তোষ জানিয়ে নারাজি দেন। আদালত নারাজি মঞ্জুর করে মামলাটি পুনরায় তদন্তের আদেশ দেন।

ঘটনার বিবরণ

গত বছরের ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা সেরে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুপুর ২টা ২০ মিনিটে পল্টনের বক্স কালভার্ট এলাকায় হাদিকে বহনকারী অটোরিকশায় গুলি চালায় মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে এভারকেয়ার হয়ে ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

১৪ ডিসেম্বর আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করেন। হাদির মৃত্যুর পর এটি হত্যা মামলায় রূপ নেয়।

চার্জশিটে যা ছিল

গত ৬ জানুয়ারি ডিবি পুলিশ সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়। তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফয়সাল আহমেদ জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই হাদিকে গুলি করে হত্যা করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে ও ভোটারদের মধ্যে ভয়ভীতি তৈরি করতে আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে হাদির নির্বাচনী প্রচারে অনুপ্রবেশ করে।